না ঘুমানোর দল – আল মাহমুদ

নারকেলের ঐ লম্বা মাথায়

হঠাৎ দেখি কাল

ডাবের মতো চাদঁ উঠেছে

ঠান্ডা ও গোলগাল ।


ছিটকিনিটা আস্তে খুলে

পেরিয়ে এলেম ঘর

ঘুমন্ত এই মস্ত শহর

করছিলো থরথর।


মিনারটাকে দেখছি যেন

দাড়িয়ে আছেন কেউ,

পাথরঘাটার গির্জেটা কি

লাল পাথরের ঢেউ ?


চৌকিদারের হাক শুনে যেই

মোড় ফিরেছি বায় –

কোত্থেকে এক উটকো পাহাড়

ডাক দিল আয় আয় ।


পাহাড়টাকে হাত বুলিয়ে

লাল দিঘীটার পাড়

এগিয়ে দেখি জোনাকিদের

বসেছে দরবার ।


আমায় দেখে কলকলিয়ে

দীঘির কালো জল

বললো, এসো, আমরা সবাই

না ঘুমানোর দল-


পকেট থেকে খুলো তোমার

পদ্য লেখার ভাজঁ

রক্তজবার ঝোপের কাছে

কাব্য হবে আজ ।


দীঘির কথায় উঠলো হেসে

ফুল পাখিদের সব

কাব্য হবে, কাব্য হবে-

জুড়লো কলরব ।


কী আর করি পকেট থেকে

খুলে ছড়ার বই

পাখির কাছে, ফুলের কাছে

মনের কথা কই ।

Comments

Popular posts from this blog

তাহারেই পড়ে মনে – বেগম সুফিয়া কামাল

পল্লী স্মৃতি – বেগম সুফিয়া কামাল

পাখির মতো – আল মাহমুদ